রাতভর হামলা, অগ্নিসংযোগ ও সংঘর্ষের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়াজুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ও আতঙ্ক। থানা ভবনের পাশাপাশি আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্থানীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়ি। পরিস্থিতির অবনতির আশঙ্কায় এলাকাজুড়ে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালান। আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে লোকজন জড়ো করার জন্য স্থানীয় বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে থানার দিকে যান তারা।

পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। তবে হামলাকারীদের ঠেকানো যায়নি। তারা থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান। পরে থানা চত্বরে রাখা পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।

আগুন দেওয়া হয় থানা চত্বরের পাশে থাকা পুলিশ মেসেও। এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। এরপর স্থানীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতেও আগুন দেওয়া হয়। আগুনে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।