পবিত্র মক্কা ও মদিনার ওপর কোনো হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেছেন, মক্কা-মদিনা সারা বিশ্বের মুসলমানদের ঐক্যের জায়গা। এটি সাধারণ কোনো কূটনৈতিক বিষয় নয়। এর সঙ্গে আবেগ জড়িত। তাই মক্কা ও মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

১২ অক্টোবর (সোমবার) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) প্রধান কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে বিআইআইএসএস আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথপরিক্রমা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

সেমিনারে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন এবং পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সৌদি আরব ও হুতিদের সংঘাত, মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের জ্বালানিনির্ভরতা, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এবং আলোচিত মক্কা জোটে বাংলাদেশ থেকে সৈন্য পাঠানোর বিষয়েও প্রশ্ন করা হয়।

মক্কা চুক্তিতে বাংলাদেশের তরফে সৌদি আরবের প্রয়োজনে সেনা পাঠানোর বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো মক্কা জোটে যোগ দেয়নি। আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দিলে সেনা পাঠানোর প্রশ্ন আসবে। কিন্তু বাংলাদেশ এখনো যোগ না দেয়ায় এই মুহূর্তে সেনা পাঠানোর কোনো প্রশ্নই নেই। তবে সৌদি আরবে যে ঘটনা ঘটেছে, তাতে বাংলাদেশের সংহতি রয়েছে। বাংলাদেশ চায়, অবিলম্বে এ ধরনের হামলা বন্ধ হোক। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি যুবরাজের কাছে একটি চিঠিও দেয়া হয়েছে। সৌদি আরবের জনগণ ও সরকারের পাশে রয়েছে বাংলাদেশ।

গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর সমবেদনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওই হামলায় ২৪ জনের বেশি বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তিনি বলেন, এতে সাধারণ মানুষ নিহত হচ্ছে, পরিবারগুলো ধ্বংস হচ্ছে। আমরা আশা করি, শিগগিরই এই অবস্থার অবসান ঘটবে।