সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। লাল কার্ড পেয়ে রেফারির দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আছেন নিষেধাজ্ঞার শঙ্কায়। এবার তার সঙ্গে প্রেমিকার বিচ্ছেদের খবর প্রচার হয়েছে। প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে বিচ্ছেদের খবর কোনো গুঞ্জন নয়।

স্বয়ং ফনসেকাই সেটা নিশ্চিত করেছেন। ব্রাজিলের অন্যতম বিখ্যাত এই ইনফ্লুয়েন্সার এক বিবৃতিতে বলেন, ‘ভার্জিনিয়া ও ভিনি জুনিয়র আর একসঙ্গে নেই। তাদের মধ্যে কোনো ঝগড়া বা বিবাদ হয়নি। শুধু পারস্পরিক সম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আর প্রেমের সম্পর্কে থাকতে চান না।’

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টও নিশ্চিত করেছে ভিনির সঙ্গে ফনসেকার বিচ্ছেদের খবর। ব্রাজিলের সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ফনসেকার দপ্তর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদের খবর জানিয়েছে।

ব্রাজিলের সামাজিক মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, রিয়াল মাদ্রিদের তারকাকে ছাড়াই ফনসেকা মিয়ামি সফরে যাওয়ার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত। এ বিষয়ে ওঠা দাবিগুলোর জবাবে পরে ফনসেকার দপ্তর জানায়, সফরের একমাত্র উদ্দেশ্য ছিল বাবা জে ফেলিপের সঙ্গে তার সন্তানদের সময় কাটানোর সুযোগ করে দেওয়া।

সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় শনিবার রাতে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৫২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ভিনি। ৭১ মিনিটে বক্সে জুড বেলিংহামের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেছিলেন ভিনিসিয়ুস। এরপর সতীর্থদের সঙ্গে নিয়ে স্বভাবসুলভ উদযাপন শুরু করেন ব্রাজিলিয়ান তারকা।

তবে ভিনির সেই আনন্দ বিষাদে রূপ নিতেও বেশি সময় লাগেনি। ভিএআরে দেখা যায়, গোলের আক্রমণ গড়ে ওঠার সময় ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরেন ভিনিসিয়ুস।