ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার চোরবাগান দুর্গাপূজা মণ্ডপে ১৭ অক্টোবর (শনিবার) পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

দুর্ঘটনার পর হতাহতদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। হতাহতদের দেখতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, রাজ্য সরকার প্রত্যেক নিহতের পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সহায়তা এবং একটি করে ‘গ্রুপ ডি’ পর্যায়ের সরকারি চাকরি দেবে।

তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য চোরবাগান দুর্গাপূজার আয়োজক, বেসরকারি নিরাপত্তারক্ষী এবং দায়িত্বরত কর্মীদের আটক করেছে পুলিশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ রুপি ও আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছেন।

উদ্ধারকর্মী ও কর্মকর্তারা জানান, চোরবাগান পূজামণ্ডপে একটি ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেখান থেকেই এই পদদলনের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে এই পদদলনের ঘটনা ঘটে। এর আগের কিছু ভিডিও চিত্রে মণ্ডপে প্রবেশের জন্য বিশাল জনস্রোতকে অপেক্ষা করতে দেখা গেছে। এলাকাটি মূলত সরু গলিপথের, যেখানে একসঙ্গে তিন-চারজনের বেশি মানুষ পাশাপাশি হাঁটতে পারে না।

বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, কয়েকটি কিছু কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। এর মধ্যে রয়েছে সরু গলিপথ, দর্শনার্থীদের সামলানোর জন্য অপ্রতুল স্বেচ্ছাসেবক ও হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মণ্ডপের ভেতরে ঢোকার জন্য মানুষের তাড়াহুড়ো। এছাড়া ভিড় নিয়ন্ত্রণে না আনলে মণ্ডপ ভেঙে পড়তে পারে—এমন একটি কথিত সতর্কতামূলক ঘোষণার কথাও শোনা গেছে।

এলাকার এক নারী বাসিন্দা জানান, স্বেচ্ছাসেবকদের বেশিরভাগই ছিলেন স্থানীয় তরুণ। তাদের ভিড় সামলানোর বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতা বা ধারণা নেই। ওই নারীসহ এলাকার আরও কয়েকজন বলেনান, ঘটনাস্থলে কোনো অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল বলে তাদের মনে হয়নি।

নিহত ও আহতদের দ্রুত প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনায় নিহত তরুণী শ্রীপর্ণা পোদ্দারের (২৬) স্বজন দীপা দে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘শ্রীপর্ণা হুগলির বৈদ্যবাটিতে থাকত। একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করত। আজ ওর ছুটি ছিল, তাই বন্ধুদের সঙ্গে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখতে বেরিয়েছিল। চোরবাগানের পূজা তো বেশ বিখ্যাত।’

ক্ষোভ প্রকাশ করে দীপা প্রশ্ন তোলেন, ‘আয়োজকরা কী করছিলেন? এই পূজা কতটা জনপ্রিয় তা আমরা সবাই জানি; তাহলে নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল?’

এই ঘটনায় প্রাণ হারিয়েছেন হুগলির আরেক বাসিন্দা কল্পনা যাদব (৪২)। তার পারিবারিক বন্ধু সুলতান আহমেদ বলেন, ‘কলকাতার বিখ্যাত পূজাগুলো দেখতে তিনি পরিবারের সঙ্গে এসেছিলেন। তার সন্তানরা প্রাণে বেঁচে গেছে। আমি আর কী বলব? কর্তৃপক্ষ আর পূজা কমিটি কী ব্যবস্থা করেছিল?’

হাসপাতাল পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, ভিড় সামলানোর জন্য নিয়োগ করা বেসরকারি নিরাপত্তারক্ষী ও পূজার আয়োজকদের পুলিশ আটক করেছে। পূজার সময় সন্ধ্যার দিকে শহরের মণ্ডপগুলোতে হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমে।

শুভেন্দু বলেন, ‘এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি, আয়োজকদের পক্ষ থেকে মাইকে একটি ঘোষণা দেওয়ার পরই এই দুর্ঘটনা ঘটে। (কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী) অমিত শাহজি আগামীকাল রাজ্যে তার নির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছেন। তিনি আহত ও ক্ষতিগ্রস্তদের দেখতে আসবেন।’ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

ঘটনাটি তদন্ত করতে রাজ্য সরকার একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে। পাশাপাশি ফরেনসিক ও ফায়ার সার্ভিসের দলগুলোও দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করবে।