কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে মো. তিতাস শেখ (২৭) নামে সেনাবাহিনীর এক তরুণ সদস্য নিহত হয়েছেন। এ সময় আস্তানাটি থেকে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জন ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী।

সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিনিময়ের একপর্যায়ে সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাকে উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযান শেষে আস্তানা থেকে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযান থেকে চক্রের ৫ সদস্যকে আটকের পাশাপাশি জিম্মি ৫৭ নাগরিককে মুক্ত করা হয়।

দেশমাতৃকার সেবায় ও আইনশৃঙ্খলা রক্ষায় কর্তব্যরত অবস্থায় তরুণ সেনাসদস্যের এই আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।