বলিউডের তারকাদের দিওয়ালির পার্টি মানেই ঝলমলে পোশাক, ক্যামেরার ফ্ল্যাশ আর নানা চর্চা। তবে মণীশ মলহোত্রর এ বছরের দেওয়ালির আসরে নজর কাড়ল এক অন্য উপস্থিতি। মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনের বড় ছেলে আরিন নেনেকে দেখা গেল এক তরুণীর সাথে।
নাম খুশি। আরিনের সাথে তাঁর সম্পর্ক নিয়ে আগে থেকেই নানা জল্পনা ছিল। এ বার দু’জনের একসাথে পার্টিতে আসা এবং পরিবারের সাথে ছবি তোলা সেই আলোচনাকে আরও বাড়িয়ে দিল। বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত এই তারকাখচিত পার্টিতে আরিন ও খুশিকে বেশ স্বচ্ছন্দ দেখিয়েছে। পাপারাৎজ়ির ক্যামেরার সামনে একসাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন তাঁরা।
একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, আরিন খুশিকে কাছে টেনে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। দু’জনের মুখেই ছিল হাসি। শুধু একসাথে ছবি তোলাই নয়, মাধুরী ও শ্রীরাম নেনের সাথেও পোজ দিয়েছেন তাঁরা। ফলে পার্টির ছবি প্রকাশ্যে আসতেই আরিনের ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা।



মন্তব্য করুন