দেশজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতা, যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার প্রেক্ষাপটে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সরকার। কঠিন, কঠোর এবং সদাসতর্কতার মধ্যে আছে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পৃক্তরা। বিশেষ করে সীমান্ত এলাকার ওপারে পলাতক নেতাকর্মীদের জড়ো হওয়া এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও নাশকতার আশঙ্কায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। পাশাপাশি দেশের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন), বিমানবন্দর ও ভিভিআইপি এলাকাগুলোর নিরাপত্তাবলয় কয়েকগুণ বাড়ানো হয়েছে। সরকারের একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো ধরনের নৈরাজ্য, আগুনসন্ত্রাস ও নাশকতা প্রতিহত করতে মাঠপর্যায়ে পুলিশ, বিজিবি, র্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সমন্বিতভাবে কাজ শুরু করেছে। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সীমান্ত এলাকার বাইরে কেপিআই বা রাষ্ট্রের ক, খ ও গ শ্রেণির ৫৮৭টি গুরুত্বপূর্ণ স্থাপনায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।
এর মধ্যে বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন, বাংলাদেশ ব্যাংক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অন্যতম। এ ছাড়া ভারতের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগের প্রধান কেন্দ্রগুলো যেমন— যশোরের বেনাপোল স্থলবন্দর, দিনাজপুরের হিলি স্থলবন্দর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর, লালমনিরহাটের বুড়িমারী এবং সিলেটের তামাবিল স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত হওয়ায় সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সীমান্তবর্তী জেলাগুলোতে অবস্থিত জাতীয় গ্রিডের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে কঠোর সতর্কতার আওতায় রয়েছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমিল্লার উচ্চক্ষমতাসম্পন্ন গ্রিড সাব-স্টেশনগুলো।
একইসঙ্গে সীমান্তবর্তী জেলা সিলেটের হরিপুর ও কৈলাসটিলা গ্যাসক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্র এবং চুয়াডাঙ্গার দর্শনা, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর এবং ফেনীর বিলোনিয়া সীমান্তের মতো গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন ও সীমান্তবর্তী টেলিযোগাযোগ টাওয়ারগুলো নিরাপত্তার দিক থেকে অতি সংবেদনশীল হওয়ায় সেসব স্থাপনায়ও কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে সীমান্ত সুরক্ষা ও দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর ৩ লক্ষাধিক নিয়মিত সদস্য পালাক্রমে মাঠে দায়িত্ব পালন করছেন।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদের বৈঠকে জরুরি আলোচনা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে দেশের সব জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং বিজিবির সীমান্ত কমান্ডারদের কাছে বিশেষ সতর্কবার্তা-সংবলিত চিঠি পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর পুলিশ সদরদপ্তর থেকে দেশের ৬৪ জেলার এসপি ও সীমান্তবর্তী জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ ভার্চুয়াল বৈঠক করে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি ও গোয়েন্দা সূত্রগুলোর তথ্যমতে, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্তের ওপারে পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং দেশে অরাজকতা তৈরির ইন্ধন দিচ্ছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন ও তথ্য রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র বা বিস্ফোরক প্রবেশ রোধে দেশের সীমান্ত এলাকাগুলোয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। সীমান্ত কমান্ডারদের কাছে পাঠানো নির্দেশনায় টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি কয়েকগুণ বাড়ানোর কথা বলা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ রোধের বিষয়ে বিজিবি সদরদপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ ইন’ রোধে বিজিবি কঠোর অবস্থানে আছে। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রথাগত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি আগের চেয়ে কয়েকগুণ বাড়ানো হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা, নদীপথ এবং সুন্দরবনের মতো সংবেদনশীল সীমান্ত পয়েন্টগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারি রাখতে রাডার সিস্টেম, থার্মাল ইমেজিং ক্যামেরা, নাইট-ভিশন ডিভাইস, ড্রোন এবং উচ্চগতির নৌযান ব্যবহার করা হচ্ছে।
মাহবুব মুর্শেদ রহমান আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের নাশকতা, অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র বা বিস্ফোরক প্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব, সংযম ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও নিবিড় সমন্বয় বজায় রাখা হচ্ছে।
অন্যদিকে সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও মাঠে নেমেছে বিজিবি। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, চলমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ও শিল্পাঞ্চল এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
চলমান সহিংসতা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে গত ১০ নভেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), সব রেঞ্জ ডিআইজি এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়ালি একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন।
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, সীমান্ত দিয়ে কারা যাতায়াত করছে, সে বিষয়ে তীক্ষè নজর রাখা হচ্ছে। কোনোভাবেই যেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটিয়ে বা বিস্ফোরক এনে কেউ নাশকতা করতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্ক আছে পুলিশ। এ ছাড়া চলমান নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি স্থাপন, বিস্ফোরক ও নাশকতার ঝুঁকি নিরূপণ করে যৌথভাবে কাজ করা এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে প্রতিদিনই। একইসঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সদরদপ্তরের পরিসংখ্যান ও মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত সাত দিনে দেশের অন্তত ৮০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ২৮টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে এক বাসচালকের মৃত্যুও হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এ ছাড়া খোদ রাজধানীর পল্লবী, রূপনগর, আদাবর থানা এলাকা ও সিএমএম আদালত প্রাঙ্গণসহ গোপালগঞ্জ ও দেশের বিভিন্ন জেলায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন সরাসরি হামলার ঘটনায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যেও সতর্কতা বাড়ানো হয়েছে।
পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, চলমান অস্থিরতার সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা দেশের অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে (কেপিআই) বড় ধরনের নাশকতা বা হামলা চালাতে পারে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর, ভিভিআইপি এলাকা, বিদ্যুৎকেন্দ্র, তেল ও গ্যাস স্থাপনা এবং সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ আশঙ্কা থেকে কেপিআইভুক্ত এলাকাগুলোতে নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়েছে। বিমানবন্দর ও ভিভিআইপি সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের সব ডিসি, এসপি এবং বিজিবির সীমান্ত কমান্ডারদের কাছে জরুরি নির্দেশনা-সংবলিত চিঠি পাঠানো হয়। চিঠিতে নাশকতাকারী ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং কেপিআই স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ টহল ও তল্লাশি চৌকি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১০ ও ১১ নভেম্বর জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র ও ইন্ধনের বিষয়টি স্পষ্ট করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন যাবৎ দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্ট শক্তির পক্ষ থেকে চক্রান্ত হচ্ছে। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা তাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে, আর এর পেছনে ইন্ধন ও উসকানি দেওয়া হচ্ছে সীমান্তের ওপার থেকে।
তবে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দু-একটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা চোরাগোপ্তা হামলার ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যৌক্তিক নয়। নাশকতাকারীদের হাতেনাতে ধরা হচ্ছে এবং যেকোনো মূল্যে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাষ্ট্রের নিরাপত্তা ও জনগণের শান্তি বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
সাম্প্রতিক এ চোরাগোপ্তা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং সীমান্তকেন্দ্রিক তৎপরতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার পরামর্শ দিয়েছেন অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, যখন কোনো রাজনৈতিক গোষ্ঠী বা চক্র প্রকাশ্যে মাঠে নামতে পারে না, তখন তারা জনমনে আতঙ্ক ছড়াতে এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ‘হিট অ্যান্ড রান’ বা চোরাগোপ্তা কৌশল বেছে নেয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক মনে করেন, এ সংকট মোকাবিলায় কেবল তাৎক্ষণিক গ্রেপ্তারই যথেষ্ট নয়, বরং দীর্ঘমেয়াদি ও সমন্বিত কৌশল প্রয়োজন। একইসঙ্গে জরুরি, সব গণতান্ত্রিক শক্তির মধ্যে রাজনৈতিক ঐক্য। পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল চাঙা রাখতে এবং দল-মত নির্বিশেষে সমানভাবে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনোভাবেই অর্থ, অস্ত্র ও বিস্ফোরকের জোগান দেশে ঢুকতে না পারে, সে জন্য বিজিবি, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে নিবিড় সমন্বয় ও তথ্যের আদান-প্রদান বাড়াতে হবে। কেপিআই স্থাপনাগুলোতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর পাশাপাশি আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে নাশকতার পরিকল্পনা অঙ্কুরেই বিনষ্ট করতে হবে।



মন্তব্য করুন