তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন দেশের সিনেমার নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এবার তাঁর দেশে ফেরার পথ সহজ হলো। দীর্ঘ অপেক্ষার পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আনন্দের খবরটি ভাগ করে নেন তিনি।
২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে পড়াশোনারত কন্যা ফাইজারের দেখভালের পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার বিষযে়ও তাঁকে নজর দিতে হচ্ছিল। তবে এতদিন স্থায়ী বসবাসের অনুমতি না থাকায় আইনি বাধ্যবাধকতার কারণে দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছিল তাঁকে।
অবশেষে গ্রিন কার্ড পাওয়ার মাধ্যমে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল তাঁর। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী, গ্রিন কার্ডধারীরা দেশটিতে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস ও কাজের সুবিধা পান। পাশাপাশি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পরবর্তীতে মার্কিন নাগরিকত্বের আবেদনের পথও সুগম হয়।
উল্লেখ্য, নব্বইয়ের দশকের শুরুর দিকে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন মৌসুমী। অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে তিন দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন এই তারকা।



মন্তব্য করুন