ইরানকে চীন ও রাশিয়া কোনো ধরনের সহায়তা করছে বলে বিশ্বাস করেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানকে সহায়তা করলে মস্কো ও বেইজিংয়ের অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে। সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ট্রাম্প লেখেন, তার সমালোচক ও বিরোধীরা দাবি করছেন, চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করছে। তবে তিনি এ দাবি বিশ্বাস করেন না। ট্রাম্প বলেন, ‘যদি তারা সহায়তা করেও থাকে, তবে তা খুবই সীমিত পর্যায়ে। কিন্তু আমি বিশ্বাস করি না, তারা আদৌ তা করছে। তাদের হারানোর মতো অনেক কিছু আছে। আর আমরা বিষয়টি জানতে পারব, খুব দ্রুতই জানতে পারব।’

এর আগে জুলাই মাসে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে চীন ও রাশিয়া তেহরানকে সহায়তা করবে না বলে তিনি বিশ্বাস করেন। তবে দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়লে তাদের জন্য পরিস্থিতি ‘খুব খারাপ’ হবে বলেও সতর্ক করেছিলেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব স্থানে হামলা চালায়। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এবং লেবাননে ইসরায়েলি হামলায় হাজারো মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

যুদ্ধ চলাকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘নিরপেক্ষ’ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাশিয়া সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত ঘটাতে পারে। অন্যদিকে, ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে তেহরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে চীন।

গত মাসে ওয়াশিংটন সফরে যাওয়া শি জিনপিংকে ইরানকে সহায়তা না করার বিষয়ে আহ্বান করেছিলেন ট্রাম্প। সে সময় চীন এ ধরনের সহায়তা দেবে না বলে আশ্বাস দিয়েছিল বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চীন ইরানকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করেছে। পাশাপাশি, চীনের সহায়তায় ইরান তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছে বলেও খবর প্রকাশিত হয়।

গত সেপ্টেম্বরে জর্ডানে একটি সামরিক ঘাঁটিতে হামলার আগে চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে ইরান ওই ঘাঁটির স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল বলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। জুলাইয়ের ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। তবে সে সময় প্রতিবেদনটির গুরুত্ব খারিজ করে দিয়েছিলেন ট্রাম্প।