ডিসেম্বর সামনে রেখে দেশের রাজনীতিতে আলোচনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও সমাবেশের চেষ্টার মধ্য দিয়ে প্রকাশ্যে আসছেন আত্মগোপনে থাকা নেতাকর্মীদের একাংশ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে আলোচনা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘিরে হেনস্তার ঘটনাকে আ.লীগের পরিকল্পিত তৎপরতার অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাংগঠনিক সক্ষমতা যাচাই, কর্মীদের মনোবল ধরে রাখা চেষ্টা করছে দলটি। তবে দেশে-বিদেশে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছে সরকারি দল বিএনপি। একই সঙ্গে আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার অবস্থান জানিয়েছে জামায়াত-এনসিপি।
সম্প্রতি বিদেশের মাটিতে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ধরে হেনস্তা ও আক্রমণাত্মক ঘটনা ঘটিয়েছেন আ.লীগের নেতারা। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সাবেক সরকারপ্রধান এবং বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে বিদেশের মাটিতে এভাবে ঘিরে ধরে অপদস্থ ও লাঞ্ছিত করার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ দলটির উগ্র মানসিকতা প্রকাশ পায়। এ ছাড়া সাম্প্রতিক সময়ে দেশে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে সাবেক দুজন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে অর্থায়নের মাধ্যমে তারা নানা ষড়যন্ত্র করছিলেন বলে অভিযোগ করা হয়।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনা বাংলাদেশ সরকার ‘আওয়ামী সন্ত্রাস’ হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্পচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কেউ এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।
হেনস্তা ঘটনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে উন্মোচিত করেছে বলে জানায়। দলের পক্ষ থেকে বলা হয়, পতিত আওয়ামী ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশের মাটিতে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিদেশে অবস্থানরত প্রবাসী ও সফররত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে। দলগুলোর পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় নেই।
সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে অর্থায়নের মাধ্যমে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও উসকানিমূলক প্রচার চালানোর’ অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ওই দুই সাবেক সেনা কর্মকর্তা আওয়ামী লীগের পলাতক ও সাজাপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন এবং ‘বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ করছিলেন। এরই অংশ হিসেবে দুই বছরের বেশি সময় ধরে তারা সহযোগীদের সঙ্গে মিলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে নানান ‘সরকারবিরোধী প্রচারণা, উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার’ করছিলেন।
নাশকতার পরিকল্পনা : বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা নানান ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করছে বিএনপি। দুর্গাপূজা সামনে রেখে বিভিন্ন স্থানে ‘নাশকতার পরিকল্পনা হচ্ছে’ বলেও মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দেশকে অস্থিতিশীল করতে তৎপর পলাতক দলটির নেতাকর্মীরা। তারা সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি আরও বলেন, বিগত সরকারের নেতাকর্মীরা ব্যাংক লুটের অর্থে বিদেশে বিলাসী জীবনযাপন করছে। পাশাপাশি বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতারা বলছেন, ডিসেম্বর মাসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরবেন। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থকেরা ডিসেম্বরের আগেই দেশে ফেরার পরিকল্পনা করছেন বলেও জানা যাচ্ছে। একই সঙ্গে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যের বরাতে দাবি করা হয়, পলাতক নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা এখনো ঠিক রয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকলেও ডিসেম্বরকে কেন্দ্র করে নতুন কৌশলে এগোনোর কথা জোর আলোচনায়। অপরদিকে বিএনপি বলছে, তারা শুধুই ফাঁকা আওয়াজ দিচ্ছে, কোনোভাবেই ফিরবেন না।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা আর কখনো কোনো ডিসেম্বরেই দেশের মাটিতে ফিরবেন না। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার অপরাধ ‘ক্ষমার অযোগ্য’। এ অপরাধের দায় আওয়ামী লীগের ওপরও বর্তায়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আনুষ্ঠানিক বিচার সম্পন্ন হওয়ার আগে দলটির কোনো ধরনের পুনর্বাসনের সুযোগ নেই। রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়েছেন আত্মরক্ষার জন্য, বাংলাদেশে ফেরার জন্য নয়। যে একবার পালিয়েছে, সে আর কখনো ফিরবে না।
এদিকে গোয়েন্দা সংস্থার তথ্যানুযায়ী, আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগ সভাপতি পলাতক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে মাঠপর্যায়ে অস্থিতিশীলতা তৈরির গোপন পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে। আওয়ামী লীগের অঙ্গসংগঠন, বিশেষ করে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নিষ্ক্রিয় সদস্যকে অর্থায়ন করে এই তৎপরতার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে পুলিশের ভেতরে থাকা আওয়ামীপন্থি বেশ কিছু কর্মকর্তার যোগসাজশ রয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ক্লিপ ও দিকনির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পাশাপাশি বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সরকারের অর্থনৈতিক বা আইনশৃঙ্খলা-সংক্রান্ত সংকটগুলোকে হাইলাইট করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরির চেষ্টা। যেটির জন্য ভুল তথ্য ও এআই ভিডিও কাজে লাগানো হচ্ছে। দৃশ্যমান কর্মসূচির বদলে ছোট ছোট গ্রুপ বা ভার্চুয়াল মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের মাঝে যোগাযোগ রেখে কর্মী ভিত্তি টিকিয়ে রাখার কৌশল হাতে নিয়েছে দলটি।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে সরকারের ভেতরের একটি অংশ ইন্ধন দিচ্ছে। তিনি বলেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের একটি চক্র আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনা এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ইন্ধন দিচ্ছে।
গোলাম পরওয়ার বলেন, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত, দেশ থেকে পালানো শেখ হাসিনা দিল্লিতে বসে ডিজিটাল প্রযুক্তি ও মিডিয়া ব্যবহার করে বক্তব্য দিয়ে দেশের নিরাপত্তা সংকটে ফেলছেন।
তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সব খুন-গুম, হত্যা অন্যায়, দুর্নীতি এবং রাজনৈতিক নিপীড়নের বিচার এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে জামায়াত কোনো ধরনের আপস বা ছাড় দেবে না।
এদিকে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে জানিয়ে এক কর্মকর্তা বলেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশজুড়ে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই নিষিদ্ধ বা বিতর্কিত কোনো রাজনৈতিক গোষ্ঠীকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। এ লক্ষ্যে রাজধানীসহ দেশের প্রতিটি প্রবেশপথ এবং স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি দ্বিগুণ করার নির্দেশ দেওয়া হয়েছে।



মন্তব্য করুন