যুক্তরাজ্যে পড়তে যেতে আগ্রহী বাংলাদেশিদের স্টাডি ভিসা আবেদন প্রত্যাহারের হার দ্রুত বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশিদের ২৩ দশমিক ৫ শতাংশ আবেদন প্রত্যাহার হয়েছে। গত বছরের একই সময়ে এই হার ছিল ৭ দশমিক ১ শতাংশ।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে এ হিসাব দিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

তবে ২৩ দশমিক ৫ শতাংশ মানে এই নয় যে, এতসংখ্যক বাংলাদেশির ভিসা যুক্তরাজ্য সরকার প্রত্যাখ্যান করেছে। এটি শুধু আবেদন প্রত্যাহারের হার।

ফিন্যান্সিয়াল টাইমসকে কয়েকটি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেওয়া ভর্তি প্রস্তাব প্রত্যাহার করার কারণে অনেক ক্ষেত্রে ভিসা আবেদনও প্রত্যাহার হচ্ছে। তবে বাংলাদেশিদের প্রতিটি আবেদন ঠিক কী কারণে প্রত্যাহার হয়েছে, সেই তথ্য প্রকাশ করা হয়নি।

এর পেছনে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কঠোর করা নতুন ভিসা-স্পনসরশিপ নিয়মও ভূমিকা রাখছে।

গত ১ জুন থেকে বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের সর্বোচ্চ গ্রহণযোগ্য হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশের নিচে নামানো হয়েছে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের স্পনসর করা শিক্ষার্থীদের মধ্যে ভিসা প্রত্যাখ্যানের হার নির্ধারিত সীমা ছাড়ালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। চূড়ান্ত পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থী স্পনসর করার লাইসেন্সও বাতিল হতে পারে।

এই হার কোনো নির্দিষ্ট দেশের শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে হিসাব করা হয় না। একটি শিক্ষা প্রতিষ্ঠানের আগের ১২ মাসে স্পনসর করা সব শিক্ষার্থীর ভিসা আবেদনের ফলের ভিত্তিতে তা নির্ধারণ করা হয়।

আর কোনো বিশ্ববিদ্যালয় ভিসার সিদ্ধান্ত হওয়ার আগেই শিক্ষার্থীর ‘কনফারমেশন অব অ্যাকসেপট্যান্স ফর স্টাডিজ’ বা সিএএস প্রত্যাহার করলে, সেই আবেদন বিশ্ববিদ্যালয়ের ভিসা প্রত্যাখ্যানের হিসাবের মধ্যে পড়ে না। ফলে ভিসা প্রত্যাখ্যানের হার নিয়ন্ত্রণে রাখতে কিছু প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ মনে করা আবেদনকারীদের ভর্তি প্রস্তাব বা স্পনসরশিপ আগেই প্রত্যাহার করছে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও নাইজেরিয়ার শিক্ষার্থীদের মধ্যে আবেদন প্রত্যাহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে পাকিস্তানের ক্ষেত্রে এই হার ৪০ দশমিক ৯ শতাংশ এবং নাইজেরিয়ার ক্ষেত্রে ২২ দশমিক ৭ শতাংশ ছিল।

তথ্যসূত্র : ফিন্যান্সিয়াল টাইমস