যুক্তরাষ্ট্রে নিম্ন আয়ের মানুষের খাদ্যসহায়তা কর্মসূচি এসএনএপি বা সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অর্থায়ন নিয়ে চাপে পড়েছে ৪১টি অঙ্গরাজ্য। সুবিধাভোগীদের জন্য বরাদ্দে হিসাবসংক্রান্ত ভুলের হার ৬ শতাংশের নিচে নামাতে না পারলে এসব অঙ্গরাজ্যকে কর্মসূচির ব্যয়ের একটি অংশ নিজস্ব তহবিল থেকে বহন করতে হতে পারে।
নেক্সস্টারের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর পাস হওয়া একটি আইনে এসএনএপি কর্মসূচিতে ভুলের হারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের অর্থায়নকে যুক্ত করা হয়েছে। আগে ‘ফুড স্ট্যাম্প’ নামে পরিচিত এই কর্মসূচির আওতায় নিম্ন আয়ের মানুষ খাদ্য কেনার জন্য আর্থিক সহায়তা পান।
২০২৫ অর্থবছরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাত্র ৯টি অঙ্গরাজ্য নতুন নির্ধারিত ৬ শতাংশের কম ভুলের হার অর্জন করতে পেরেছে। বাকি ৪১টি অঙ্গরাজ্য এখনো নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।
যেসব অঙ্গরাজ্যে এসএনএপি কর্মসূচিতে ভুলের হার ৬ শতাংশের নিচে রয়েছে, সেগুলো হলো- আইডাহো, আইওয়া, কেনটাকি, নেব্রাস্কা, সাউথ ডাকোটা, ইউটাহ, ভারমন্ট, উইসকনসিন ও ওয়াইয়োমিং।
অন্যদিকে, আলাস্কায় ভুলের হার সবচেয়ে বেশি- ২৩ শতাংশ। তবে ২০২৩ সালে এই হার ছিল ৬০ শতাংশ। অর্থাৎ উল্লেখযোগ্য উন্নতি হলেও অঙ্গরাজ্যটি এখনো লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে।
আলাস্কার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় কিছু নথিপত্র না থাকলেও মানুষের খাদ্যসহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এতে মানুষের সহায়তা পাওয়ার সুযোগ বজায় থাকলেও প্রশাসনিক ও প্রক্রিয়াগত ভুলের ঝুঁকি বেড়েছে।
আলাস্কা ছাড়াও ডেলাওয়্যার, জর্জিয়া, ইলিনয়, নিউ মেক্সিকো, ওরেগন ও ওয়াশিংটন ডিসিতে ভুলের হার বেশি। এসব এলাকার কর্তৃপক্ষকে তা কমানোর জন্য অন্তত আরও এক বছর সময় দেওয়া হবে।
নতুন আইন অনুযায়ী, কোনো অঙ্গরাজ্যে ভুলের হার ৬ শতাংশের বেশি থাকলে সরাসরি সুবিধাভোগীদের খাদ্যসহায়তা কেটে দেওয়া হবে না। পরিবর্তে, অঙ্গরাজ্য সরকারকে কর্মসূচির ব্যয়ের ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত নিজস্ব অর্থায়নে বহন করতে হবে। ভুলের হার যত বেশি হবে, ব্যয়ের দায়ও তত বাড়বে। তবে রাজ্যগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপের পরোক্ষ প্রভাব পড়তে পারে সুবিধাভোগীদের ওপর। ব্যয় সামলাতে গিয়ে কোনো কোনো অঙ্গরাজ্য মাসিক সহায়তার পরিমাণ কমাতে পারে, এমনকি কিছু মানুষের জন্য সুবিধা বন্ধও হতে পারে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই ব্যয় স্থানান্তরের ফলে কিছু অঙ্গরাজ্যে প্রায় ৩ লাখ মানুষের এসএনএপি সুবিধা কমে যেতে বা বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি শিশুদের খাদ্য ও পুষ্টি কর্মসূচির ভর্তুকি কমতে পারে প্রায় ৯৬ হাজার শিশুর ক্ষেত্রে।
মিসৌরিতে ২০২৫ সালে এসএনএপি কর্মসূচিতে ভুলের হার ছিল ৮ দশমিক ৭ শতাংশ। আগামী বছরও এই হার যথেষ্ট কমাতে না পারলে ২০২৭ সালের অক্টোবর থেকে খাদ্যসহায়তার ব্যয়ের ১০ শতাংশ অঙ্গরাজ্যটিকে নিজস্ব তহবিল থেকে দিতে হবে।
সর্বশেষ পাওয়া কেন্দ্রীয় সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মিসৌরির বাসিন্দারা প্রায় ১৫০ কোটি ডলারের এসএনএপি সুবিধা পেয়েছিলেন। ভবিষ্যতেও সহায়তার পরিমাণ একই থাকলে অঙ্গরাজ্যটির ব্যয় দাঁড়াতে পারে ১৫ কোটি ডলার।
এসএনএপি কর্মসূচির অর্থায়ন নিয়ে নতুন চাপ তৈরির পাশাপাশি সুবিধাভোগীর সংখ্যাও কমছে। ২০২৫ সালে ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ পাসের পর যোগ্যতার কয়েকটি শর্ত কঠোর করা হয়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে এসএনএপি সুবিধাভোগীর সংখ্যা ছিল ৪ কোটি ২২ লাখ। ২০২৬ সালের মে মাসে তা কমে দাঁড়ায় ৩ কোটি ৬৬ লাখে- এক বছরে ১৩ শতাংশেরও বেশি হ্রাস। তবে মে মাসের পরিসংখ্যান প্রাথমিক পর্যায়ের এবং পরে সংশোধিত হতে পারে।
আইন অনুযায়ী, ২০২৭ সালের অক্টোবর থেকে অঙ্গরাজ্যগুলোর খাদ্যসহায়তা ব্যয়ের দায় নির্ধারণে ২০২৫ অথবা ২০২৬ অর্থবছরের ভুলের হার ব্যবহার করা যাবে। ফলে বেশির ভাগ অঙ্গরাজ্যের হাতে লক্ষ্যমাত্রা পূরণের জন্য আর মাত্র এক বছর সময় রয়েছে।



মন্তব্য করুন