২০১৪ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর বিচারক হিসেবে একসঙ্গে কাজ করেছিলেন পপ তারকা জেনিফার লোপেজ ও অস্ট্রেলীয় বংশোদ্ভূত মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী কিথ আরবান। কাজের সূত্রে গড়ে ওঠা সেই পরিচয়ই এখন নতুন করে আলোচনায় এসেছে।

যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক ওয়েবসাইট রাডারঅনলাইন দাবি করেছে, নিজেদের দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর লোপেজ ও আরবানের মধ্যে যোগাযোগ বেড়েছে। দুজনের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, এমনকি গোপনে দেখা করার কথাও শোনা যাচ্ছে।

জেনিফার লোপেজের প্রেম ও দাম্পত্য জীবন বহু বছর ধরেই সংবাদমাধ্যমের আলোচনায়। অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে তার সম্পর্কের গল্পও যেন হলিউডের রোমান্টিক সিনেমার চিত্রনাট্য।

২০০০-এর দশকের শুরুতে তাদের প্রেম ও বাগ্দান আলোচনায় এসেছিল। পরে সম্পর্ক ভেঙে যায়। প্রায় দুই দশক পর ২০২১ সালে আবার কাছাকাছি আসেন তারা। ২০২২ সালে বিয়ে করেন এই দুই তারকা। কিন্তু সেই দাম্পত্যও দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৪ সালের আগস্টে বিবাহবিচ্ছেদের আবেদন করেন লোপেজ। আদালতের নথিতে তাদের বিচ্ছেদের তারিখ হিসেবে ২০২৪ সালের ২৬ এপ্রিল উল্লেখ করা হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতে বিচ্ছেদ চূড়ান্ত হয়।

অন্যদিকে কিথ আরবান দীর্ঘদিনের দাম্পত্য জীবনের জন্যও পরিচিত। হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে ২০০৬ সালে বিয়ে হয়েছিল তার। প্রায় ১৯ বছরের সংসারে তাদের দুই মেয়ে রয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে কিডম্যান বিবাহবিচ্ছেদের আবেদন করেন। ২০২৬ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের টেনেসির একটি আদালত তাদের বিচ্ছেদ চূড়ান্ত করেন। ফলে দুজনের দীর্ঘ দাম্পত্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।