১৫ আগস্টের ঘটনাকে সামরিক কর্মকর্তাদের প্রতি অবমূল্যায়ন ও অপমানের প্রতিশোধ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ওই ঘটনার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে ৭ নভেম্বরের ঘটনা ছিল সিপাহিদের নেতৃত্বে সংঘটিত একটি বিপ্লব, যার প্রতি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত সংহতি জানিয়েছিল।

৬ নভেম্বর (শুক্রবার) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭২ সালের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে ওঠে। তৎকালীন সরকার ১৯৭০ সালের নির্বাচনে অংশ নেওয়া ইসলামী সংগঠনগুলোকে নিষিদ্ধ করে এবং জনগণের ম্যান্ডেট হারায়। রক্ষীবাহিনীকে সীমাহীন ক্ষমতা দেওয়ার মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়। পাশাপাশি দমন-পীড়নের মধ্য দিয়ে দেশে একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করা হয়েছিল।

তিনি আরও বলেন, সে সময় সেনাবাহিনীর সদস্যদের অপমান, সেনা কর্মকর্তার স্ত্রীকে অপহরণের বিচার চাইতে গিয়ে চাকরিচ্যুতিসহ নানা ঘটনা সামরিক বাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। এসব পরিস্থিতির ধারাবাহিকতায় ১৫ আগস্টের পটপরিবর্তন এবং পরবর্তী সময়ে ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের পাল্টা অভ্যুত্থানের মতো ঘটনা ঘটে।

জামায়াত আমির বলেন, শেষ পর্যন্ত ৭ নভেম্বর সিপাহিরা সংগঠিত হয়ে বন্দিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করেন। এ সময় সাধারণ মানুষ রাজপথে নেমে তাকবির ধ্বনির মাধ্যমে তাঁদের স্বাগত জানায়। এই ঘটনাই পরবর্তী সময়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিতি লাভ করে।